পঞ্চগড়ে প্রস্তাবিত নর্থ পয়েন্ট মেডিকেল কলেজের নামে অবৈধ ভাবে অন্যের জমি জবর দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক বিধবা ও তার পরিবার।
শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য সৈয়দা আনোয়ারা বেগম লিখিত বক্তবে জানান, পঞ্চগড় সদর উপজেলার দ্বাড়িয়াপাড়া নিজামাবাদ এলাকায় তার স্বামীর কেনা সত্তর শতক জমি সংলগ্ন এলাকায় নর্থ পয়েন্ট মেডিকেল কলেজ নির্মাণ করা হচ্ছে।
প্রস্তাবিত ওই মেডিকেল কলেজের প্রবেশ পথে থাকা তার জমি ভূমিদস্যু জাহাঙ্গীর আলম রানা স্থানীয় বেশকিছু ভাড়া করা সন্ত্রাসী দিয়ে জোড় করে মাটি ভরাট করে দখল করেছে।
বিষয়টি নিয়ে পঞ্চগড় আদালতে মামলা চলমান থাকলেও উল্টো তাদের মেরে ফেলার হুমকি দিয়ে জোর করে জমি দখল করেছে।
৯৯৯ এর সহযোগিতা নিয়ে পঞ্চগড় থানা পুলিশের সহায়তা নেয়া হলেও পুলিশের সামনে জাহাঙ্গীর গং তার বোন মরিয়ম আকতার সেলিকে ধাক্কাধাক্কি করে মারতে আসে। অনৈতিক ভাবে জমি জবর দখল ও নানান হুমকির প্রতিবাদে আগামীকাল (৮ এপ্রিল) শনিবার নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজের সামনে কাফনের কাপড় পড়ে তিনি মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
উল্লেখ্য আগামীকাল (৮ এপ্রিল) শনিবার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী প্রস্তাবিত মেডিকেল কলেজটির ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন বলে জানা গেছে।
এ বিষয়ে নর্থ পয়েন্ট মেডিকেল কলেজটির ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম রানা মুঠোফোনে বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় তারা কারো জমি জবর দখল করেননি। তাদের কেনা জমিতেই তারা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছেন।
