২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে প্র‍্যাক্টিস, এমবিবিএস ছাড়াই লিখছেন ডাঃ

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ মে ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ হাসপাতালে জরুরী বিভাগের চলমান ডিউটি রেখে বাহিরে চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সোহেল রানার বিরুদ্ধে।

সরেজমিন ঘুরে দেখা যায়, শনিবার ২৭ মে ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সোহেল রানার ডিউটি ছিল হাসপাতালের জরুরী বিভাগে। কিন্তু তিনি ২টায় হাসপাতালের ডিউটি রেজিষ্ট্রারে স্বাক্ষর করেই ডিউটি ফাঁকি দিয়ে চলে যান পৌর এলাকার কলেজ রোডে অবস্থিত ফয়সাল মেডিসিন কর্ণারে নিজস্ব চেম্বারে। ওই সময় সরেজমিন গিয়ে তাকে ওই চেম্বারে জিসান (৪ মাস) নামে এক শিশু রোগীর প্রেসক্রিপশন করতে দেখা যায়। প্রেসক্রিপশনে তার নামের আগে ডাঃ মোঃ সোহেল রানা এমনকি তিনি মেডিসিন, চর্ম, যৌন, মা ও শিশু এবং মানসিক রোগের বিশেষ অভিজ্ঞ বলে উল্লেখ রয়েছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে এ বিষয়ে প্রশ্ন করা হলে সোহেল রানা জানান, হাসপাতালে তার ডিউটি দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। তিনি দুধ কিনতে বাজারে এসেছিলেন এমন সময় একজন গরীব রোগী তাকে অনুরোধ করলে তিনি চেম্বারে বসে তার প্রেসক্রিপশন করে দেন।

কিন্তু শিশু জিসানের মা রোজিনা আক্তার বলেন, আমার বাচ্চা অসুস্থ্য এজন্য ২০০ টাকা দিয়ে সোহেল ডাক্তার কে দেখিয়ে প্রেসক্রিপশন করিয়েছেন।

মো: সোহেল রানা ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে চাকরি করে আসছেন। স্বীকৃত চিকিৎসকদের সহযোগী হিসেবে কাজ করাই তার দায়িত্ব হলেও তিনি সরকারি বিধি ভঙ্গ করে নামের আগে ডাঃ লিখে নিজ প্যাডে দিচ্ছেন রোগীদের ব্যবস্থাপত্র।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক (স্যাকমো) এর বিরুদ্ধে ডাঃ লিখে নিজ প্যাডে রোগীদের ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগ আছে।

বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল এ্যাক্ট-২০১০ এর ২৯ (১) ধারায় বলা হয়েছে, নূন্যতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রীধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না। যদি কোন ব্যক্তি এই বিধি লঙ্ঘন করেন তাহলে তা একটি অপরাধ বলে বিবেচিত হবে। এর জন্য অভিযুক্ত ব্যক্তির ৩ (তিন) বছর কারাদণ্ড বা ১ (এক) লক্ষ টাকা অর্থ দণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লোপা চৌধুরী বলেন, ডিউটি চলমান অবস্থায় বাহিরে চেম্বার করার কোন নিয়ম নেই। যদি করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।

এবিষয়ে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম বলেন, আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টা খতিয়ে দেখে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া যায় কিনা দেখবো।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ২৮ মে ২০২৩

ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট চেম্বারে প্র‍্যাক্টিস, এমবিবিএস ছাড়াই লিখছেন ডাঃ

লিংক কপি হয়েছে!