সাভার-আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চোর এবং ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য সহ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৬ জুন) দুপুরে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) আবদুল্লাহিল কাফী।
আবদুল্লাহিল কাফী জানান, গ্রেফতারকৃতদের মধ্যে সোহেল (৩০), রিপন ওরফে চান্দি রিপন (৪০), হাসেম ড্রাইভার (৩৫) ও রবিউল ইসলাম (৩০) চোর চক্রের সক্রিয় সদস্য।এরা ৪ জন নেশার টাকা জোগাড় করতে সাভার ও আশুলিয়াসহ আশ-পাশের থানা এলাকার বসত বাড়িতে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান দ্রব্য সামগ্রী চুরি করে থাকে। এদের মধ্যে রিপন ওরফে চান্দি রিপনের নামে সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তারাগুনিয়া এলাকার ইয়ার আলীর ছেলে।
চোরাই স্বর্ণালঙ্কারের বিনিময়ে মাদকদ্রব্য বিক্রির অপরাধে স্বপন (৪৮), রাজা মিয়া (৪০) সহ আঞ্জু বেগম (৩৫) ও নাসিমা বেগম (৩৫) নামে দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় ১০ ভরি চোরাই স্বর্ণালঙ্কারসহ চোরাই স্বর্ণালঙ্কার বিক্রির নগদ ২৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়াও সোহাগ (৩০), রাফজান জনি রাফি (২৩) সৈয়দ রবি হাসান (২২) নামে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ও নগদ ১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
