সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে ঈশ্বরগঞ্জের সাংবাদিকরা। নিহত রাব্বানী বাংলা নিউজ টুয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি এবং ৭১ টিভি ও মানবজমিন পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন।
শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে মুক্তিযোদ্ধা চত্বরে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার অপরাধীদের খুঁজে বের বিচারের আওতায় আনতে হবে। এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এর আগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে হত্যাকাণ্ডের শিকার হন গোলাম রাব্বানী নাদিম। গত বুধবার (১৪ জুন) রাতে তাঁর ওপর হামলা হয়। পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
