ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ বছর ধরে চাকুরী করছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা। তার বিরুদ্ধে রয়েছে ডিউটি ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ। এসব অভিযোগের প্রমাণ মিললেও কেবল শোকজ চালাচালি করেই ঢাকা পড়েছে তার সকল অপকর্ম।
জানা যায়, সোহেল রানা ৬ এপ্রিল ২০০৮ ইং তারিখে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে যোগদান করে কর্মরত আছেন। প্রায় ১৫ বছর ধরে তিনি একই কর্মস্থলে চাকুরী করে যাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন সময় হাসপাতালের ডিউটি ফাঁকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠলেও তিনি থাকেন ধরা ছোঁয়ার বাইরে।
একদিন সরেজমিন ঘুরে দেখা যায় হাসপাতালের বাইরেও তিনি টাকার বিনিময়ে রোগী দেখেন। এমনকি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে তিনি এসব কর্মকান্ড নির্বিঘ্নে করে যাচ্ছেন। তেমনি একটি ঘটনার প্রমাণ মেলে ২৭ মে ২০২৩ তারিখে। ২৭ মে ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সোহেল রানার ডিউটি ছিল হাসপাতালের জরুরী বিভাগে। কিন্তু তিনি ২টায় হাসপাতালের ডিউটি রেজিষ্ট্রারে স্বাক্ষর করেই চলে যান পৌর বাজারের ফয়সাল মেডিসিন কর্ণারের নিজস্ব চেম্বারে। ওই সময় সরেজমিন গিয়ে তাকে চেম্বারে রোগীর প্রেসক্রিপশন করতে দেখা যায়। প্রেসক্রিপশনে তার নামের আগে ডা. মোঃ সোহেল রানা এমনকি তিনি মেডিসিন, চর্ম, যৌন, মা ও শিশু এবং মানসিক রোগের বিশেষ অভিজ্ঞ বলে উল্লেখ রয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি এভাবে রোগী দেখে আসছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি নিয়ে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে গত ২৯ মে ২০২৩ তারিখে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী ওই ঘটনার যথাযত কারণ জানতে চেয়ে সোহেল রানাকে শোকজ করেন। পরে সোহেল রানা ৩১ মে ২০২৩ তারিখে এর জবাব দেন।
এ বিষয়ে সোহেল রানার বিরুদ্ধে উঠা অভিযোগের সততা পেয়েছেন বলে স্বীকার করেন ডা. লোপা চৌধুরী। এবং তিনি গত ১জুন ২০২৩ তারিখে সোহেল রানার শোকজের জাবাব সহ একটি প্রতিবেদন ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে পাঠিয়েছেন বলেও উল্লেখ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরী বলেন, হাসপাতালে চলমান ডিউটি রেখে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ উঠায় এবং এ বিষয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় তাকে শোকজ করা হয়েছিলো। তিনি শোকজের জবাবও দিয়েছেন। জবাবের পর তা উর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এবিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লোপা চৌধুরীর কাছে সোহেল রানা তার শোকজের জবাব দিয়েছে। প্রতিবেদনটি পেয়েছি অফিসের বাইরে থাকায় বিস্তারিত বলতে পারছি না।
