জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র মারধর ও ছাত্রী হেনস্থার পাল্টাপাল্টি অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।
তদন্ত কমিটিতে হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. দীপিকা রাণী সরকার ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমানকে সদস্য করে কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে দ্রুত সময়ের ভিতর তদন্ত সম্পন্ন করে উপাচার্য বরাবর প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিতে গিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ২০২০-২১ শক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ দাশ।
অভিযোগে তিনি বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে তাকে ১৫-২০ জন মিলে দফায় দফায় মারধর করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
অন্যদিকে একই ঘটনায়, সৌরভ দাশের বিরুদ্ধে যৌন হয়রানি এবং অসদাচরণের অভিযোগ এনে প্রক্টর বরাবর অভিযোগপত্র দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিরা মাহমুদ মিথি।
