নড়াইলে বাড়ির পাশের পুকুরে ডুবে সামিউল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল সদর উপজেলার চর শালিখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু সামিউল ওই গ্রামের কামরুলের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাড়ির উঠানে খেলছিল সামিউল। এসময় তার মা ঘরে কাজ করছিলেন । হঠাৎ বাড়ির উঠানে তাকে দেখতে না পেয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। কিছু সময় পরে বাড়ির পাশে পুকুরে শিশু সামিউলের মরদেহ ভাসতে দেখে তার মা উদ্ধার করে। পরবর্তীতে স্বজনরা তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঁশগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ফকির বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। তবে যাদের বাড়ির আঙ্গিনায় পুকুর বা জলাশয় আছে তাদের শিশুদের প্রতি লক্ষ্য রাখতে হবে, প্রতিটি পরিবারের আরও বেশি সচেতন হতে হবে।
