রোববার বিএনপি ও জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতালের ডাকে কোম্পানীগঞ্জে ঢিলেঢালা হরতাল পালিত হয়। পিকেটারদের পিকেটিংয়ে দেখা যায়নি। ফেনী-বসুরহাটের লোকাল বাস চলাচল করতে দেখা গেছে। তবে আগের চেয়ে কিছুটা কম লোকাল বাস চলাচল করেছে। সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। দোকান-পাট, শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালত খোলা ছিল।
হরতালের প্রতিবাদে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল বসুরহাট বাজারে প্রদক্ষিণ করে। বিকেলে হরতালের প্রতিবাদে কোম্পানীগঞ্জ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন কোম্পানীগঞ্জে কেন্দ্রীয় কার্যালয়ে শান্তি সমাবেশ করে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ কোম্পানীগঞ্জের বিভিন্নস্থানে তল্লাশি চালিয়ে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- বসুরহাট পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক (৫২), ইমাম গাজ্জালী মোহাম্মদ সোয়াইব (৩০), মোঃ আবদুর রহিম (৪১), সক্রিয় জামায়াত সদস্য মোঃ আবদুল্লাহ আল মামুন (৩৭), চরহাজারী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল রহিম (৪০), মোঃ ইলিয়াছ (২৬)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। সেসব মামলায় নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
