নড়াইলে যুবলীগ নেতা ওমর শেখকে (২৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর যুবলীগ নেতা ওমর শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।
আহত যুবলীগ নেতা লোহাগড়া উপজেলার শালনগর ইউপির শিয়রবর গ্রামের সন্তান ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার (১৭নভম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে যুবলীগ নেতা ওমর শেখ বাতাসী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের শিয়রবরের হারেজ মোল্যার বাড়ির সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তোরাফ শিকদারের নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত ওমর শেখকে ধাওয়া করে। এ সময় যুবলীগ নেতা ওমর প্রাণ বাঁচাতে হারেজ মেল্যার রানার ঘরের পাশে আশ্রয় নেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি ওমরের। দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে চলে যায়।
হারেজ শেখ ও তার স্ত্রীর চিৎকারে এলাকাবাসী আহত ওমর শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।
