মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবনে এক বহু আকাঙ্ক্ষিত অর্জন। বাংলার সূর্যসন্তান যেসকল মুক্তিযোদ্ধার প্রাণ ও ত্যাগের বিনিময়ে এ অর্জন সম্ভব হয়েছে বাঙালি জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। তাই বিজয়ের এই মাসে অশেষ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সকল বীর মুক্তিসেনাদের।
মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘এফবিসিসিআই’ এর সাবেক সহ-সভাপতি, দ্য ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, স্মরণ করেন যুদ্ধের সেই দিনগুলো।
সংবর্ধনায় সভাপতিত্ব করেন আবির্ভাব সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি মোঃ গোলাম মেহেদী হাসান।
বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, স্বাধীন দেশে সেই সোনার বাংলার প্রতিফলন দেখার আশা ব্যক্ত করেন বক্তারা।
