ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের পোশাক পড়া একদল ব্যক্তির বিরুদ্ধে অটোরিকশা যাত্রীদের তল্লাশির নামে টাকাপয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত ভোর রাতে শহরের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. হারুন অর রশিদ (৩৮) নামে এক যাত্রী গত সোমবার পুলিশ সুপারের (এসপি) কাছে ই-মেইলে অভিযোগ পাঠিয়েছেন।
অভিযোগের বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আশ্রবপুর গ্রামের আলাল উদ্দিনের পুত্র
মো. হারুন অর রশিদ (৩৮) গত শনিবার রাতে ঈশ্বরগঞ্জ থেকে সিএনজি যোগে নেত্রকোনার উদ্দেশ্য রওনা দেন। ঈশ্বরগঞ্জ পৌরশহরের চৌরাস্তা মোড়ে একদল লোকের ইশারায় অটোরিকশাটি থামানো হয়। পরে পুলিশের পোশাকপড়া লোকজন এগিয়ে এসে তাঁকে গরু চোর ও জুয়ারি সম্বোধন করে গালাগালি করেন। পরে তাঁকে অটোরিকশা থেকে নামিয়ে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেটে থাকা ১৫ হাজার টাকা নিয়ে যায়। তাঁর সাথে থাকা অপর যাত্রী জিয়াউর রহমানকে পোশাকপড়া লোকজন চড়-থাপ্পড় মেরে পকেট থেকে টাকা নিয়ে যায়। এরপর পুলিশের পোশাক পড়া এক ব্যক্তি তাঁদের ভিডিও ধারণ করে এবং শেখানো কথা বলতে বাধ্য করে।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজেদুর রহমান আজ মঙ্গলবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘ঈশ্বরগঞ্জ পৌর শহরের টিএন্ডটি রোডের এক মহল্লায় অবস্থিত শিক্ষক দম্পতির বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরার জন্য গত শনিবার পুলিশ অভিযান চালচ্ছিল। এ সময় শহরের ভেতর দিয়ে যাওয়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা দ্রুতগতিতে ঘটনাস্থল অতিক্রম করছিল। তখন পুলিশ অটোরিকশাটি থামিয়ে যাত্রীদের গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়। কোনো কারণে কেউ হয়তো পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে’।
