২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আহমদিয়াদের জলসা পঞ্চগড় ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের তিনদিন ব্যাপী ৯৯তম সালানা জলসা (বার্ষিক সম্মেলন) শুরু হয়েছে। এই জলসা ঘিরে প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢেকেছে পুরো পঞ্চগড়। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শহরের আহমদ নগরে শুরু হওয়া এই জলসা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। যদিও আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি জলসার দিনক্ষণ নির্ধারণ ছিলো। তবে নিরাপত্তার স্বার্থে জলসার সময় এগিয়ে আনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

জলসার নিরাপত্তার স্বার্থে আহমদনগর এলাকাসহ শহরের প্রতিটি আবাসিক হোটেল, মসজিদের সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
এদিকে, নিরাপত্তার স্বার্থে নিয়োজিত বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা রাতযাপন করছেন জেলা শহরসহ সদর উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে পাঠদান বন্ধ রয়েছে প্রতিষ্ঠানগুলোতে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক বলেন, জেলা প্রশাসনের চিঠির আলোকে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পাঁচ দিন নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। একেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৫০ থেকে ২০০ পুলিশ থাকছে। এ অবস্থায় পাঠদান করা সম্ভব হবে না বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের অফিস খোলা রয়েছে এবং শিক্ষকেরা দাপ্তরিক কার্যক্রম চলমান রাখছেন।

গত বছরের ২ থেকে ৪ মার্চ ৯৮তম সালানা জলসা ঘিরে শহরে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন নিহত হন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন। ঘটনার পর ৩২টি মামলায় ১৪ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়।

এবারও জলসা বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দিয়েছে।
পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, বাংলাদেশ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা দেয়া, শান্তি শৃঙ্খলা স্থাপন করা। সমস্ত নাগরিকের ধর্ম বর্ণ নির্বিশেষে সাংবিধানিক অধিকার রয়েছে। এসব বিষয়ে সুরক্ষা দেয়ার দায়িত্ব হচ্ছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর।

এটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসাকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছি। পুলিশের ৪ হাজার সদস্য দায়িত্ব পালন করছে। এর বাইরে বিজিবি ১৬ প্লাটুন, র‌্যাবের ১৬ টি টিমসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে এই জলসা শেষ হবে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

আহমদিয়াদের জলসা পঞ্চগড় ঘিরে কঠোর নিরাপত্তা জোরদার

লিংক কপি হয়েছে!