ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রায় ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে ‘স্টুডেন্ট ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ট্রেনিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ ও জলবায়ুভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটি এই সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণটিতে মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় পর্যায়ের ঝুঁকি এবং দুর্যোগের সময় শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং একটি জলবায়ু সহনশীল সমাজ গঠনের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।
শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক সেশনগুলো পরিচালনা করেন বেশ কয়েকজন অতিথি। তাদের মধ্যে ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, পরিবেশভিত্তিক সংগঠন ব্রাইটার্সের সাবেক নির্বাহী সদস্য তাহছিনুল আবরার লিছান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশুকুর রহমান মাশুক এবং রেজিলিয়েন্ট প্ল্যানেট সোসাইটির ক্রিয়েটিভ সেক্রেটারি সাজিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম, সহসভাপতি আল আমিন এবং সাধারণ সম্পাদক রাকিব আহমেদসহ অন্যান্য সদস্যরা।
শুভ্র/
