সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের ফাঁদে পড়ে নিখোঁজ হওয়া গাজীপুরের শ্রীপুরের সেই দুই বোনকে (সানজিদা ও আতিয়া) অবশেষে জামালপুর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুই দিন পর আজ বুধবার দুই জেলা প্রশাসনের যৌথ তৎপরতায় তাদের মা-বাবার কাছে হস্তান্তর করা হয়। শ্রীপুরের পূর্ব নিজ মাওনা গ্রামের সোহেল রানার দুই মেয়ে সানজিদা (১৪) ও আতিয়া (১৩) এক টিকটকারের প্রলোভনে পড়ে গত শনিবার বাড়ি থেকে পালায়। পথ ভুলে তারা জামালপুর চলে গেলে তাদের অসহায়ত্ব দেখে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দেন। পরে তাদের ‘অপরাজেয় বাংলাদেশ’ শেল্টার হোমে রাখা হয়। ফেসবুক পোস্টটি দেখে জামালপুরের ডিসি মোহাম্মদ ইউসুফ দ্রুত যোগাযোগ করেন গাজীপুরের ডিসি নূরুল করিম ভূঁইয়ার সাথে। গাজীপুরের ডিসির নির্দেশে শ্রীপুরের ইউএনও নাহিদ ভূঁইয়া মেয়েদের পরিচয় নিশ্চিত করেন এবং আজ তাদের উদ্ধার করে মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসক গাজীপুর -মোঃ নূরুল করিম ভূঁইয়া জানান ,মেয়েরা নিরাপদ ছিল এবং বড় কোনো বিপদে পড়েনি। তবে এ ধরনের ঘটনা অভিভাবকদের সচেতনতার গুরুত্ব মনে করিয়ে দেয়।দরিদ্র পরিবারের এই মেয়ে দুটির পড়াশোনা যাতে কোনোভাবেই বন্ধ না হয়, সেজন্য শ্রীপুরের ইউএনও-কে তাদের পড়াশোনার যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক।
টিকটকারের প্রলোভনে ঘরছাড়া গাজীপুরের তরুণী উদ্ধার জামালপুরে
