সাভারের আশুলিয়ায় পেঁয়াজভর্তি একটি পিকআপ ভ্যান থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৪ এপ্রিল) রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে তাদের আটক করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, মাদক কারবারিরা পেঁয়াজভর্তি পিকআপ ভ্যানে করে ইয়াবা বহন করছিল। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জামগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পিকআপ ভ্যানে তল্লাশি করে পেঁয়াজের বস্তার ভেতর থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা।
এ সময় দুই মাদক কারবারিরাকে আটকসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। পরে রাতেই র্যাব সদস্যরা তাদের নামে মাদক আইনে মামলা দিয়ে আশুলিয়া থানায় হস্তান্তর করেছে।
