গাজীপুর মহানগরে ঢাকা বাইপাস ও ঢাকা-টাঙ্গাইল সংযোগ সড়কের যানজট নিরসনে নাওজোর এলাকায় নির্মিত ফ্লাইওভার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
গতকাল সোমবার (২৫ এপ্রিল) দুপুরের পরপরই কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই ফ্লাইওভারটি খুলে দেওয়া হয়।
জানা যায়, ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১৫ মিটারের ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। এ সড়কে নাওজোর অংশ থেকে শুরু করে সফিপুর বাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে ২০১৯ সাল থেকে এ ফ্লাইওভারের কাজ শুরু হয়। এখনো পুরোপুরি কাজ শেষ না হলেও ঈদকে সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে ফ্লাইওভারটি খুলে দেওয়া হচ্ছে।
গাজীপুর সড়ক বিভাগের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনো ফ্লাইওভারের কিছু কাজ বাকি রয়েছে। বাকি কাজগুলো ঈদের পর করা হবে। যানজটের কথা মাথায় রেখে তড়িঘড়ি করে ফ্লাইওভার যানচলাচলের জন্য খুলে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশল খোন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, এখনো ফ্লাইওভারের কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবুও যানজটের কথা মাথায় রেখে সরকার ফ্লাইওভার খুলে দিচ্ছেন। ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে এ সড়কের যানজট কমবে।
