ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন।
আজ বুধবার কোতোয়ালী মডেল থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (ময়মনসিংহ সার্কেল) শাহিনুর ইসলাম ফকির।
পরিদর্শনের শুরুতেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে একটি সুসজ্জিত দল গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করেন।
জানাযায়,পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি। এছাড়াও করোনা রোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ দেন। পরে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন ডিআইজি আবিদ হোসেন।
এসময় পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহতসহ সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের নির্দেশ দেন তিনি। এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, কোতোয়ালী মডেল থানার তদন্ত ফারুক হোসেন, পুলিশ ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী,পুলিশ ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং ফরিদ আহম্মেদ,৩নং ফাড়ি ইনচার্জ সামদানি,১নং ফাড়ি ইনচার্জ আনোয়ার হোসেন প্রমুখ।
