মাইজহাটি সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে “সবুজ-২০২৫, সুস্থ ভবিষ্যৎ” এই মানবিক ও পরিবেশবান্ধব শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার (১১ জুলাই) সফলভাবে সম্পন্ন হয়েছে ফলজ গাছ চারা বিতরণ কর্মসূচি-২০২৫।
কর্মসূচির আয়োজন করা হয় মাইজহাটি উত্তর পাড়া আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে, জুমার নামাজের পর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজহাটি সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, সাধারণ সদস্য, মসজিদ কমিটির সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে আম, পেয়ারা, জাম, জলপাই, কাঠালসহ বিভিন্ন প্রজাতির শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এলাকার সর্বস্তরের জনগণ এবং মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির মূল লক্ষ্য পরিবেশ রক্ষা, পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে ফলজ গাছ রোপণে উৎসাহিত করা। পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
কর্মসূচির সফল বাস্তবায়নে সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবকবৃন্দ এবং গণমাধ্যমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এমন পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
