আধ্যাত্মিক চেতনার জাগরণ, ধর্মীয় সাহিত্যচর্চার প্রসার এবং নবীন প্রজন্মের মধ্যে ইসলামি মূল্যবোধ বিকাশের প্রত্যয়ে ময়মনসিংহে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ইসলামী বইমেলা- ২০২৫।
ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেল ৪টায় শহরের ঐতিহ্যবাহী টাউন হল প্রাঙ্গণে।
বইমেলার উদ্বোধন করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরা মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী।
বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।সভাপতিত্ব করেন সীরাতচর্চা ও গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক মুফতী মুহিব্বুল্লাহ।এ সময় বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় অংশ দেশের শীর্ষস্থানীয় ৫০টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশ গ্রহণ করেছে।, বইমেলায় আগত বুকস্টলে পাওয়া যাচ্ছে ইসলামি দর্শন, হাদীস, ফিকাহ, ইতিহাস, গবেষণা, শিশুতোষ ও সমসাময়িক চিন্তাধারাসহ নানা বিষয়ের বই।
এছাড়া বৈরুত, ভারত ও পাকিস্তান থেকে আমদানিকৃত আরবি ও উর্দু কিতাবের বিশাল সমাহারও রয়েছে পাঠক ও গবেষকদের জন্য। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। নারীদের জন্য নির্ধারিত রয়েছে বিশেষ সময়সূচি — সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, যা ‘নারীপ্রহর’ নামে পরিচালিত হবে।
মেলার বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সীরাত চর্চা, নাশীদ সন্ধ্যা ও তারুণ্যের উৎসব, যেখানে দেশের বিশিষ্ট আলেম, লেখক ও গবেষকরা বক্তব্য রাখবেন।
ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী বলেন, “এই বইমেলা শুধু বই বিক্রির আয়োজন নয়; বরং জ্ঞানচর্চা, নৈতিকতা ও আলোকিত সমাজ গঠনের এক মহৎ উদ্যোগ।”
ইতোমধ্যে ময়মনসিংহবাসীর মধ্যে বইমেলাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।টাউন হল প্রাঙ্গণজুড়ে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা; ব্যানার, ফেস্টুন ও আলোকসজ্জায় ছেয়ে গেছে নগরীর প্রধান সড়কগুলো।আয়োজকদের প্রত্যাশা, এ বইমেলা হবে ইসলামি সংস্কৃতিক ও সাহিত্য বিকাশের এক নতুন দিগন্ত।
