অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ কথাশিল্পী তামান্না ইসনাইনের দ্বিতীয় একক গল্পের বই ‘রহস্যময় ভালোবাসা’। রোমান্স, অ্যাকশন আর রহস্যের সংমিশ্রণে লেখা এই আধুনিক থ্রিলারধর্মী উপন্যাসটি প্রকাশ করেছে ‘অনুজ’ প্রকাশনী। পূর্ববর্তী বইয়ে আত্মজীবনীমূলক লেখার গণ্ডি পেরিয়ে এবার লেখক পাঠকদের সামনে তুলে ধরেছেন এক শ্বাসরুদ্ধকর কাহিনী।
বইটির কাহিনী আবর্তিত হয়েছে এক নিঝুম রাতে বিপদে পড়া এক অচেনা মেয়ে এবং তাকে রক্ষা করতে নিজের জীবন বাজি রাখা গম্ভীর ও বুদ্ধিমান গোয়েন্দা আদ্রিককে ঘিরে। অতীতের লুকিয়ে থাকা সত্য, মুখোশ উন্মোচন এবং বিশ্বাসের লড়াই—এসব নিয়েই এগিয়েছে উপন্যাসের প্রেক্ষাপট। লেখক গল্পে ফুটিয়ে তুলেছেন যে, সত্য মানেই সব সময় মুক্তি নয়, বরং তা হতে পারে এক বিপজ্জনক যাত্রার শুরু।
বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন ফারিহা তাবাসসুম এবং এর মলাট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। মেলায় ‘অনুজ’ প্রকাশনীর ৩৩৩, ৩৩৪, ৩৩৫ ও ৩৩৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। স্টলের পাশাপাশি অনলাইন বুকশপ রকমারি ডট কম থেকেও পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, এর আগে লেখকের ‘অবশেষে এলে তুমি’ নামক একটি গ্রন্থ এবং তিনটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
